
শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার পাশাপাশি শিক্ষকতার মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রধান কারিগর শিক্ষকরা। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় একাডেমিক সুপারভাইজার এম শারাফাত হোসেন, আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, কালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কান্তি মল্লিক, কালিয়া পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ, শহীদ এখলাজ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার সাহা, কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাহিদ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।