
তেরখাদা প্রতিনিধি
খুলনার তেরখাদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য বা অনিয়ম যাতে না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা বিএনপি নেতা শরীফ নাঈমুল হক ও বিএনপি নেতা মো. মিল্টন হোসেন মুন্সী। এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঙ্গে যুক্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।