1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস. এম. শামীম, দিঘলিয়া খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাইদা খাতুন, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস।

এ ছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য দিলীপ দাস, দিঘলিয়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি আব্দুল আজিজ, পল্লী বিদ্যুতের প্রতিনিধি কামাল হোসেন, ওজোপাডিকোর প্রতিনিধি আশরাফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। পূজা উদযাপন-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটিগুলোকে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ইউএনও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখতে হবে। পূজাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিংবা গুজব ছড়ানোর চেষ্টা নজরে এলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। পূজা উদযাপন-সংক্রান্ত জরুরি যোগাযোগ ও সমন্বয়ের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে বলে তিনি জানান।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি। প্রতিটি মন্দিরের সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ নম্বর সরবরাহ করা হবে, যাতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশের সহায়তা নেওয়া যায়। পূজাকালীন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ সময় তিনি পূজা উদযাপনে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দ হিসেবে মন্দিরগুলোতে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিদের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার (বরাদ্দপত্র) তুলে দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park