
এস. এম. শামীম, দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটা গ্রামে জনি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজ শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
নিহত জনি বেগম ওই গ্রামের নুরুজ্জামান মোড়লের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় নিজ শয়নকক্ষে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটন দূর করতে প্রায় এক বছর আগে উপার্জনের উদ্দেশ্যে ঢাকায় যান জনি বেগম। সেখানে তিনি একাই থাকতেন। সম্প্রতি তাঁর হৃদ্রোগের সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জনি বেগমকে বাড়িতে রেখে তাঁর স্বামী নুরুজ্জামান মোড়ল তিন মেয়েকে সঙ্গে নিয়ে খুলনার একটি হোটেলে খাবার খেতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁদের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা জনি বেগমকে শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।