
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনিমহলে কোয়ালিটি জুট ইয়ার্ন মিলে ১৭ এপ্রিল বুধবার আনুমানিক দুপুর ১ টার দিকে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে।
দিঘলিয়া কোয়ালিটি জুট ইয়ার্ন মিলের ডিজিএম মো. মাকসুদুর রহমান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে সাথে সাথে মিলে চলে আসি। তবে মুহূর্তের মধ্যে সে আগুন মিলের স্লাইভার, কাটিং ও ‘র’ জুটের স্তুপে ছড়িয়ে পড়ে।
দিঘলিয়া নৌ ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে,দিঘলিয়া নৌ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরবর্তীতে আরো দুটি সহ,ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট তাদের দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।
দীর্ঘ প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।মিলে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডিডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পূর্বে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার এবং সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান ও স্থানীয় সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানসহ ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বার ঘটনা স্থলে পৌঁছান।
আগুন লাগার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে মিল কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা জানান, ৭ টন স্লাইভার, ৩ টন কাটিং এবং ২ টন ‘র’ জুট পুড়েছে, যার আনুমানিক মূল্য ৯৬ লক্ষ টাকা। তবে আগুন লাগার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।