
তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে খুলনার তেরখাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তাহমিনা সুলতানা নীলা বলেন, যুবসমাজই পারে বেকারত্ব, দারিদ্র্য, মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে। যুবসমাজ নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশের অগ্রযাত্রা কোনো বাধাই থামিয়ে রাখতে পারবে না।
তিনি আরও বলেন, শুধু সরকারি চাকরির প্রত্যাশা না করে যুবকদের নিজেদের মেধা ও মনন কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সততা, দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে যুবসমাজকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমডি আব্দুল হাই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পলাশ কুমার দাস এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষিত যুবক ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। এ ঋণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।