
তেরখাদা প্রতিনিধি।
খুলনার তেরখাদায় নাশকতার অভিযোগে যুবলীগ নেতা উজ্জ্বল শেখকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১৩ নভেম্বর রাতে উপজেলার কুশলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাগলাদাহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাঁর পিতার নাম আব্দুল ওয়াদুদ শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নর্থ খুলনা কলেজ এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে উজ্জ্বল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে আসছিলেন।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর অত্যাচার, নির্যাতন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ সরকারি নর্থ খুলনা কলেজের সামনে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর উজ্জ্বল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।