
খুলনা প্রতিনিধি
খুলনার রূপসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় ২৪ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল কুদ্দুস (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পশ্চিম রমজানপুর বউবাজার এলাকার আব্দুল গাফফারের ছেলে।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৮ পিস ইয়াবাসহ জুয়েল শেখ (২১) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে আভিযানিক দলটি। তিনি দেয়াড়া এলাকার ইসরাফিল শেখের ছেলে।
অভিযানে উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপসা থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর উদ্ধার করা মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৬।