
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ১০০ কেজি পুশ করা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দিলীপ বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।
অভিযানকালে চিংড়িতে অপদ্রব্য পুশের বিষয়টি শনাক্ত হলে ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দ করা চিংড়ি বিনষ্ট করা হয়। একই ঘটনায় পুশ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিলীপ বৈদ্যকে আটক করা হলে মোবাইল কোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশ করা চিংড়ি শুধু ভোক্তার জন্য ক্ষতিকর নয়, এটি দেশের চিংড়ি শিল্প ও রপ্তানি বাজারের সুনামও ক্ষুণ্ন করে। পুশবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া থানা পুলিশ ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ, ভেজাল ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।