
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে প্রবেশ করে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রবাসীর দুই মেয়েকে একটি কক্ষে আটকে রেখে নগদ ২৫ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়নের কালুর মোড় এলাকায় সৌদি আরবপ্রবাসী মো. কামরুল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতে একদল ব্যক্তি বাড়ির দরজা-জানালায় ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে তারা। এরপর ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী মালা বেগম ও তাঁর চাচাতো ভাই মো. আল আমিন হাওলাদারকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় মালা বেগমের দুই মেয়ে মারিয়া আক্তার (১৮) ও সাবিরা আক্তার (১৪)-কে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়।
পরিবারের দাবি, ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে নগদ ২৫ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি বিকাশের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা আদায় করে অভিযুক্তরা। বিকাশে টাকা পাঠানোর সময় ছিল রাত ৩টা ২৯ মিনিট। টাকা নেওয়ার পর তারা বাড়ি ছেড়ে চলে যায়।
ভুক্তভোগী মালা বেগম জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। তিনি দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় অভিযুক্তরা তাঁর স্বজন আল আমিনকে খুনি আখ্যা দিয়ে থানায় দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।