
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোঃ শাহিবুল ইসলাম তুহিন। এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ওয়ার্ডবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাহিবুল ইসলাম তুহিন এলাকার মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া জরুরি সেবা নিশ্চিত করার পাশাপাশি হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি মানবিক ও উন্নত ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘কথায় নয়, কাজে হবে পরিচয়—জনগণ চাইলে পাশে, নিশ্চিত হবে জয়।’
সাবেক ছাত্রদল নেতা খান আরিফুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বড়দিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন, মামুন খান, জিকরুল আলম, খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আয়েনউদ্দিনসহ ১ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা শাহিবুল ইসলাম তুহিনকে ওয়ার্ডবাসীর কাছে পরিচয় করিয়ে দেন। তাঁরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁকে একজন ভদ্র ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে ওয়ার্ডবাসীর কাছে সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।