1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা মেহেদির রং শুকানোর আগেই ঘূর্ণিঝড়ে প্রাণহানি, দশমিনার মহড়ায় জীবন্ত হয়ে উঠল উপকূলের বিপর্যয়ের চিত্র রাস উৎসব ঘিরে দুবলার চরে কোস্ট গার্ডের বিশেষ নিরাপত্তা, টহলে জাহাজ ও ডুবুরি দল কালিয়ায় জোড়া খুনের তদন্তে নতুন তৎপরতা, ঘটনাস্থল থেকে রক্ত ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ খুলনায় এক দিনে ৪২ জন গ্রেপ্তার, ১০ কেজির বেশি গাঁজাসহ ইয়াবা উদ্ধার তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ ইউএনওর মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে ‘পুলিশ পরিচয়ে’ হানা, চাঁদা দাবির পর ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চট্টগ্রামে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পাঁচ বছর পূর্তি, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজুড়ে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি, শাহীন-সোহেল হত্যার বিচার হবে আইনি পথে: মিলু

রাস উৎসব ঘিরে দুবলার চরে কোস্ট গার্ডের বিশেষ নিরাপত্তা, টহলে জাহাজ ও ডুবুরি দল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

সুন্দরবনের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। উৎসবকে কেন্দ্র করে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল। বন্যপ্রাণী শিকার প্রতিরোধেও বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং জনসাধারণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজের পাশাপাশি নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল দায়িত্ব পালন করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বন্যপ্রাণী শিকার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বন বিভাগের সঙ্গে সমন্বিত নজরদারি চালানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযানের অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। এতে জানানো হয়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ ছাড়া বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক ও ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে সুন্দরবনের সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park