
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণাঞ্চলের পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক খুলনাঞ্চল ১১ বছরের গৌরবোজ্জ্বল পথচলা পেরিয়ে দ্বাদশ বছরে পদার্পণ করেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।
১৩ নভেম্বর রাত ৮টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সভাপতি গোলাম কিবরিয়া পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিল্টনের হাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুভেচ্ছা জানান। এ সময় তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পত্রিকাটির ১১ বছরের পথচলা, নানা প্রতিকূলতা ও সংগ্রামের চিত্র তুলে ধরে সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিল্টন লিখেছেন ‘১১ বছরের সংগ্রাম, অগণিত ভালোবাসা—আমাদের খুলনাঞ্চল’ শিরোনামে বিশেষ নিবন্ধ। পাশাপাশি ‘নতুন ভোরের প্রত্যাশা ও খুলনার সাংবাদিকতা’ শিরোনামে বিভিন্ন কলামিস্টের লেখায় আঞ্চলিক সাংবাদিকতার অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং আগামী দিনের প্রত্যাশার বিষয়গুলো উঠে এসেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমেও বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এদিকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কলামিস্ট, লেখক, সাহিত্যিক, সুধী সমাজ ও পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দৈনিক খুলনাঞ্চল আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে। একই সঙ্গে খুলনার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি আঞ্চলিক সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ পথচলার অভিজ্ঞতাকে পুঁজি করে পত্রিকাটি আগামী দিনেও পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।