1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা মেহেদির রং শুকানোর আগেই ঘূর্ণিঝড়ে প্রাণহানি, দশমিনার মহড়ায় জীবন্ত হয়ে উঠল উপকূলের বিপর্যয়ের চিত্র রাস উৎসব ঘিরে দুবলার চরে কোস্ট গার্ডের বিশেষ নিরাপত্তা, টহলে জাহাজ ও ডুবুরি দল কালিয়ায় জোড়া খুনের তদন্তে নতুন তৎপরতা, ঘটনাস্থল থেকে রক্ত ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ খুলনায় এক দিনে ৪২ জন গ্রেপ্তার, ১০ কেজির বেশি গাঁজাসহ ইয়াবা উদ্ধার তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ ইউএনওর মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে ‘পুলিশ পরিচয়ে’ হানা, চাঁদা দাবির পর ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চট্টগ্রামে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পাঁচ বছর পূর্তি, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজুড়ে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি, শাহীন-সোহেল হত্যার বিচার হবে আইনি পথে: মিলু

মেহেদির রং শুকানোর আগেই ঘূর্ণিঝড়ে প্রাণহানি, দশমিনার মহড়ায় জীবন্ত হয়ে উঠল উপকূলের বিপর্যয়ের চিত্র

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রবিউল হাসান ডব্লিউ দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

বিয়েবাড়িতে আনন্দের আয়োজন। নতুন বধূর সাজে বসে আছে রাবেয়া। বরযাত্রী নিয়ে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত শিবলু মিয়া। মসজিদে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন ইমাম। অন্যদিকে শিশুরা খেলায় মগ্ন। হঠাৎ আকাশজুড়ে দুর্যোগের আভাস, শুরু হয় দমকা হাওয়া। ঘোষণা আসে ঘূর্ণিঝড়ের মহাবিপৎসংকেত। মুহূর্তেই বদলে যায় চেনা পরিবেশ। লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি, ছিন্নভিন্ন হয় সাজানো সংসার। মেহেদির রং শুকানোর আগেই প্রাণ হারায় নববধূ রাবেয়া। প্রাণ যায় ১০ বছরের শিশু হাসানেরও; গাছের মগডালে ঝুলে থাকে তার নিথর দেহ। আনন্দের বিয়েবাড়ি পরিণত হয় শোক আর ধ্বংসের দৃশ্যে।

দৃশ্যটি বাস্তব কোনো ঘূর্ণিঝড়ের নয়। তবে এর বার্তা উপকূলবাসীর জন্য এক নির্মম বাস্তবতার সতর্কসংকেত। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা, আগাম সতর্কবার্তা উপেক্ষা এবং সময়মতো নিরাপদ আশ্রয়ে না যাওয়ার পরিণতি তুলে ধরতে পটুয়াখালীর দশমিনায় এমনই হৃদয়স্পর্শী প্রতীকী মহড়া অনুষ্ঠিত হয়েছে। নাটিকার বাস্তবধর্মী উপস্থাপনায় দুর্যোগের সম্ভাব্য ভয়াবহ চিত্র দেখে আবেগাপ্লুত হন উপস্থিত দর্শকেরা। একই সঙ্গে তাঁদের সামনে স্পষ্ট হয়ে ওঠে—ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার পর সামান্য অবহেলাও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

উপকূলীয় জনপদে ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) দশমিনা উপজেলা শাখার উদ্যোগে পরিবেশিত নাটিকা ও প্রতীকী দুর্যোগ পরিস্থিতিতে দেখানো হয়, কীভাবে একটি ঘূর্ণিঝড় মুহূর্তের মধ্যে মানুষের জীবন, ঘরবাড়ি ও সাজানো সংসার কেড়ে নিতে পারে। বিশেষ করে আগাম সতর্কসংকেত পাওয়ার পরও নিরাপদ আশ্রয়ে না যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের ঝুঁকির মধ্যে রাখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি না নেওয়ার পরিণতি অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। বিয়ের আনন্দ থেকে মুহূর্তেই শোকের আবহে রূপ নেওয়া দৃশ্যটি দর্শকদের কাছে দুর্যোগের ভয়াবহতাকে আরও বাস্তব করে তোলে।

শুধু বিপর্যয়ের চিত্র তুলে ধরেই শেষ হয়নি মহড়া। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পাওয়ার পর কীভাবে দ্রুত নিরাপদ আশ্রয় নিতে হবে, পরিবারের সদস্যদের প্রস্তুত করতে হবে এবং গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে, তা ধাপে ধাপে প্রদর্শন করা হয়। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যাওয়ার নিয়ম এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমের বিষয়গুলোও তুলে ধরা হয়। নারী, শিশু, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিপির বরিশাল শাখার উপপরিচালক মামুনার। প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা।  এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম শানু, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকানসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি ও রেড ক্রিসেন্টের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মহড়াকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। দুপুর ২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে; একপর্যায়ে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তাঁদের সামনে অভিনয় ও প্রদর্শনের মাধ্যমে দুর্যোগের আগের প্রস্তুতি থেকে শুরু করে বিপদের সময় করণীয় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়।

উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে ঘূর্ণিঝড় নতুন কোনো অভিজ্ঞতা নয়। তবু সতর্কসংকেতকে গুরুত্ব না দেওয়া, সময়মতো আশ্রয়কেন্দ্রে না যাওয়া কিংবা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে দেরি করার কারণে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। তাই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও প্রবীণদের অগ্রাধিকার দেওয়া এবং গবাদিপশুসহ প্রয়োজনীয় সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।

মহড়ায় নববধূ রাবেয়া ও শিশু হাসানের করুণ পরিণতি ছিল অভিনয়ের অংশ, কিন্তু এর মধ্য দিয়ে দেওয়া সতর্কবার্তা ছিল বাস্তব জীবনের জন্য। দুর্যোগের সময় অসচেতনতা ও সামান্য বিলম্ব যে একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে, সেই বার্তাই পৌঁছে দেওয়া হয় উপকূলের মানুষের কাছে। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park