
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীর মানিকতলা এলাকার মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সভা করেছে সংগঠনটির নেতাকর্মী ও শ্রমিকেরা। সম্প্রতি কারামুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়ন কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে মো. আরিফ হোসেন তাঁর বিরুদ্ধে সাইলো থেকে ট্রাকভর্তি গম পাচারের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে সাইলো থেকে ট্রাকভর্তি গম পাচারের অভিযোগ এনে যে মামলা করা হয়েছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ। এ মামলার কোনো ভিত্তি নেই।”
শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আটকের পর তাঁর মুক্তির দাবিতে শ্রমিকদের আন্দোলনের গতিবেগ দেখে তিনি বুঝতে পেরেছেন, তাঁরা তাঁকে কতটা সম্মান করেন এবং ইউনিয়নকে কতটা ভালোবাসেন। গম চুরির ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, “আমি যদি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকি, দেশের সর্বোচ্চ আদালতে আমার শাস্তি হলে সেই বিচার মাথা পেতে নেব।”
ইউনিয়নের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন বলেও দাবি করেন আরিফ হোসেন। তাঁর বিরুদ্ধে কেউ কোনো অপকর্মের প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় ইউনিয়নের পদ ছেড়ে দেবেন বলে সভায় ঘোষণা দেন তিনি।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম মাস্টারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আব্দুল মালেক, সহসাধারণ সম্পাদক মো. আবু জাফর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক সরদার, প্রচার সম্পাদক মো. সোহরাব খাঁ, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. আলম শেখ, মো. সাদেক হাওলাদার ও আব্দুল মজিদ হাওলাদার।
এ সময় ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আব্দুল সালাম সরদার, মো. মোতালেব সরদার, মো. মকবুল সরদার, মো. ফিরোজ সরদার, মো. হাসান সরদার, মো. নান্টু মিয়া, মো. আরিফসহ ইউনিয়নের অন্যান্য সদস্য ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।