
শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ফরহাদ মোল্যা (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানারচর গ্রামের হাসান মৌলভী ও দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমি হাসান মৌলভীর দখলে থাকায় সেখানে আমন ধান চাষ করা হয়েছিল। শুক্রবার সকালে হাসান মৌলভীর পরিবারের সদস্যরা কয়েকজন শ্রমিক নিয়ে জমির ধান কাটতে যান। এ সময় দাউদ মোল্যার পক্ষের লোকজন ধান কাটতে বাধা দেন। একপর্যায়ে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের হাত থেকে বাঁচতে শ্রমিকেরা পালানোর চেষ্টা করলে ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আলিছা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসারে অভাব-অনটনের কারণে কিছু টাকা উপার্জনের আশায় তাঁর স্বামী অন্যের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে লাশ হয়ে ফিরতে হলো। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ঢাকায় থাকেন, আর মেয়েটি ছোট। স্বামীর মৃত্যুতে সন্তানদের নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ধান কাটাকে কেন্দ্র করে শ্রমিক ফরহাদকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।