1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

অলসতা: নীরব মাদক, ধীরে ধীরে গ্রাস করছে মানুষের সম্ভাবনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

অলসতা এমন এক নীরব মাদক, যা শরীরকে নয়, বরং মানুষের স্বপ্ন, সময় ও সামর্থ্যকে ধীরে ধীরে গ্রাস করে। এটি মানুষকে চরম নির্লজ্জ, অন্যের মুখাপেক্ষী এবং আত্মনির্ভরতা-বিমুখ করে তোলে। এমনকি পেশাদার ভিক্ষাবৃত্তি ও সামাজিক শৃঙ্খলা বিনষ্টের ক্ষেত্রেও অলসতার ভূমিকা অনস্বীকার্য। ধর্মীয় শিক্ষা, ঐতিহাসিক উদাহরণ ও মনোবিজ্ঞান—সবখানেই অলসতার বিরুদ্ধে সতর্কবার্তা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বারবার প্রার্থনা করেছেন—“হে আল্লাহ! আমাকে অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ভীরুতা, অক্ষমতা ও ঋণগ্রস্ততা থেকে রক্ষা করুন।” (বোখারি-মুসলিম) হযরত ঈসা (আ.) সতর্ক করেছেন, “আরও একটু ঘুম, আরও একটু তন্দ্রা, বিছানায় আরেকটু গড়াগড়ি—এভাবেই দারিদ্র্য ও অভাব দস্যুর মতো তোমার ঘরে প্রবেশ করবে।” ঋগ্বেদে বলা হয়েছে—“অলস মস্তিষ্ক কুচিন্তার সহজ শিকার।” মহামতি বুদ্ধও বলেছেন—“মূর্খরা আলস্যে নিপতিত হয়, আর প্রাজ্ঞরা সচেতন প্রয়াসে সৎকর্মে তৎপর থাকে।”

বিশেষজ্ঞরা বলেন, অলসতা দুই ধরনের—শারীরিক ও মানসিক। শারীরিক অলসতা দৈহিক শ্রম এড়িয়ে যায়, কাজ ফাঁকি দেয়, যা মূলত ব্যক্তিগত ক্ষতি করে। কিন্তু মানসিক অলসতা মস্তিষ্ককে ভালো কাজে ব্যবহার না করে ফেলে রাখে, পরিকল্পনা বা সৃজনশীল চিন্তায় অনীহা তৈরি করে, যা নিজের পাশাপাশি সমাজেরও ক্ষতি করে। মানসিক অলসতা এতটাই বিপজ্জনক যে, মস্তিষ্ককে শয়তান নিজের “কারখানা” বানিয়ে নেয়—যার প্রধান উৎপাদন হলো নেতিবাচকতা।

নেতিবাচক মানুষ নিজের মতো অন্যকেও পিছিয়ে দেয়। তারা সবকিছুর মধ্যে সন্দেহ, ভয় ও ‘হবে না’ মনোভাব ঢুকিয়ে দেয়, আশাহত ও হতোদ্যম করে, সুযোগ পেলেই উদ্যম নষ্ট করে ফেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন—“বিশ্বাস আর আশা যার নাই, যেও না তাহার কাছে; নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে।” এ ধরনের মানুষকে চেনারও উপায় আছে। বিনোদনের নামে ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় সময় অপচয়, গসিপ ও অপবাদে আসক্তি, সবসময় অন্যের উদ্যোগকে নিরুৎসাহিত করা—এগুলো নেতিবাচক মানুষের লক্ষণ।

এদের প্রভাব থেকে দূরে থাকার উপায় হলো—নেতিবাচক কথা শুনে মনে মনে বলা “তওবা তওবা” বা “বাতিল বাতিল”, সৌজন্যমূলক সম্পর্ক রাখলেও কথায় প্রভাবিত না হওয়া, ভালো কাজে ও ইতিবাচক মানুষের সঙ্গ নেওয়া, প্রতিদিন সকালে ১০ বার বলা—“ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব” এবং নেতিবাচক মানুষদের জন্য কল্যাণ কামনা করা।

অলসতা শুধু ব্যক্তিগত ব্যর্থতার কারণ নয়, বরং পারিবারিক ও সামাজিক অগ্রগতিরও প্রতিবন্ধক। শারীরিক ও মানসিক দুই ধরনের অলসতাই ক্ষতিকর—তবে মানসিক অলসতা বেশি বিপজ্জনক। নেতিবাচক মানুষদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা এবং নিজের মধ্যে ইতিবাচকতা গড়ে তোলাই জীবনে সফলতার মূল চাবিকাঠি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park