
খুলনা প্রতিনিধি:
সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।