
কুয়েট প্রতিনিধি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবাসিক হলের কক্ষে ঢুকে এক সাংবাদিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল ইসলামের বাম চোখে গুরুতর আঘাত লেগেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা ডায়েরির কুয়েট ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫ থেকে ২০ জনের একটি দল নাজমুলের কক্ষে গিয়ে তাঁকে মারধরের চেষ্টা করে। এ সময় নিজেদের ছাত্রদলের কর্মী পরিচয় দেওয়া ইফাজসহ কয়েকজন সেখানে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি বুঝতে পেরে নাজমুল কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে ওই ব্যক্তিরা দরজা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যান।
তবে কিছুক্ষণ পর তাঁরা আবার ফিরে আসেন। এ সময় নাজমুলের রুমমেট মাহিন মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই কয়েকজন কক্ষে প্রবেশ করে নাজমুলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর বাম চোখে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে গেলে হামলাকারীরা তাঁকে কক্ষে রেখেই চলে যান। পরে হলের অন্য শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।
ভুক্তভোগী নাজমুল ইসলাম জানান, রোববার বিকেলে ল্যাবে কাজ করার সময় আসিফ তন্ময়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মিটে গেলেও আসিফ তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। ল্যাব থেকে কক্ষে ফেরার পর আসিফ দলবল নিয়ে এসে তাঁর ওপর হামলা চালান। নাজমুলের অভিযোগ, সেখানে অনেকে উপস্থিত থাকলেও আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম তাঁকে সরাসরি মারধর করেন।
তিনি আরও জানান, চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা শহরে নেওয়া হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে এ সময় তিনি বিস্তারিত কথা বলতে পারেননি।
ঘটনার খবর পেয়ে আহত শিক্ষার্থীকে দেখতে যান লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক রাজন কুমার রাহা এবং লালন শাহ হলের সহকারী প্রভোস্ট আল মুত্তাকি বিল্লাহ।
রাজন কুমার রাহা বলেন, খবর পেয়ে তিনি নাজমুলকে দেখতে যান। তাঁর চোখের একটি অংশ বেশ খানিকটা কেটে গেছে। এ মুহূর্তে নাজমুলের সুস্থতাই সবচেয়ে জরুরি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ল্যাবে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির পর বিভাগীয় প্রধান তাঁদের ডেকে পাঠান। ভুল-বোঝাবুঝি নিরসনে পরবর্তী সময়ে উভয় পক্ষকে নিয়ে বসার পরিকল্পনা ছিল। তবে এর আগেই এ ঘটনা ঘটে। বিভাগীয় প্রধান পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে রাজন কুমার রাহা জানান, ঘটনাটি ইতিমধ্যে ছাত্রকল্যাণ দপ্তরকে অবহিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে একজন শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে হামলার অভিযোগ এবং একজন সাংবাদিক শিক্ষার্থীর চোখে গুরুতর আঘাতের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।