1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ! তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের অবসর, রেখে গেলেন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত তেরখাদায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বয় কমিটি গঠন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ

সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ!

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ির নিরিবিলি আবাসিক এলাকায় হেলে পড়া একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফের নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে। প্রায় ৩০ বছর আগে নির্মিত চারতলা আবাসিক ভবনটি পরবর্তী সময়ে পাঁচতলায় উন্নীত করার চেষ্টা করলে হেলে পড়ে। এরপর নির্মাণকাজ বন্ধ থাকলেও প্রায় তিন বছর পর আবারও ভবনটির সপ্তম তলার নির্মাণকাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি আগে থেকেই হেলে পড়া অবস্থায় রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আরও তলা নির্মাণ করা হলে ভবনটির স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ভবনটি ধসে পড়লে আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কয়েকশ মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে।

এলাকাবাসী জানান, তাঁরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন। কখন কী দুর্ঘটনা ঘটে, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। তাঁদের আশঙ্কা, ভবনটি ধসে পড়লে আশপাশের বাসিন্দাদের ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভবন মালিক জানান, ভবনটির মালিক প্রভাবশালী হওয়ায় আশপাশের অনেক ভবন মালিক ভয়ে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর আগে তৎকালীন উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ইসমাইল হোসেন ভবনটির চারতলা ফাউন্ডেশনের অনুমতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে চারতলা ভবনটি পাঁচতলায় উন্নীত করার চেষ্টা করা হলে সেটি হেলে পড়ে। এমন অবস্থায় আবারও কীভাবে সপ্তম তলার নির্মাণকাজ চলছে, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

এদিকে ভবনটির মালিক দুই ভাই সামছু ও মাহবুবের সঙ্গে যোগাযোগ করে নির্মাণকাজের অনুমোদন, নকশা এবং সংশ্লিষ্ট তথ্য জানার চেষ্টা করেন সাংবাদিক। তবে তাঁরা এ বিষয়ে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেননি। বরং বারবার বিষয়টি এড়িয়ে যান। ফলে ভবনটির নির্মাণকাজের বৈধতা ও কাঠামোগত নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত পরিদর্শক জাফর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ভবন মালিককে সিডিএ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের তলবের পরও মালিক কার্যালয়ে উপস্থিত হননি। বরং আজ-কাল করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।

অন্যদিকে, এলাকার পার্শ্ববর্তী ভবন মালিকরা সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তিনি চট্টগ্রামের উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন দক্ষ নগর পরিকল্পনাবিদ। তাঁর সময়ে একটি হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনে এভাবে নির্মাণকাজ চলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সিডিএর পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভবন মালিককে কার্যালয়ে হাজির হতে বলা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। তাঁদের প্রশ্ন, সিডিএর তলব উপেক্ষা করে এভাবে নির্মাণকাজ চালিয়ে যাওয়া কি উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনাকে অবজ্ঞা করার শামিল নয়?

এলাকাবাসীর মতে, আবাসিক এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁরা সিডিএর সংশ্লিষ্ট বিভাগের কাছে ভবনটির অনুমোদিত নকশা, নির্মাণের বৈধতা এবং কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে ভবনটির বর্তমান অবস্থা ও ঝুঁকির মাত্রা নিরূপণ, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আশপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। এলাকাবাসীর দাবি, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর নয়, বরং দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park