
শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ হামলায় কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব শাহিন মোল্লা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে একটি মোটরসাইকেল মিছিল বের করা হয়। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পুর নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আওয়ামী লীগের লোকজন মিছিলে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় কালিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব ও মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্লার ছেলে শাহিন মোল্লা এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মোল্লা ও সোহেল মোল্লার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।