
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. কামরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি যোগানিয়া খেয়াঘাট ও চাপাইল ব্রিজঘাটসহ নড়াগাতী থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের কাছ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোনো সমস্যা বা বিরোধ দেখা দিলে তা আইনানুগভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলীসহ পুলিশের সদস্যরা। এ ছাড়া নড়াগাতী থানা ও বাঐসোনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।