
শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে খামারিদের অবদান, তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অনাবাদি জমির ব্যবহার এবং গবাদিপশুর নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিয়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল মোমিন।

আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, খামারিদের নিরলস অবদানের কারণেই মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। তাঁদের উৎপাদন অব্যাহত রাখতে সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মিলু অনাবাদি জমি চাষের আওতায় আনতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার কথা বলেন। পাশাপাশি গরু চুরি প্রতিরোধে খামারিদের সতর্ক থাকার এবং প্রয়োজনে পাহারাদার রাখার পরামর্শ দেন। সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাস, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাঈদ আলী, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন এবং দলের জ্যেষ্ঠ নেতা মনিরুজ্জামান মনা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমস্যা ও সম্ভাবনা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।