
শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে হাত ধোয়ার সঠিক নিয়ম ও বাস্তব প্রয়োগ প্রদর্শনীতে অংশ নেয় পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন পেশার মানুষও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী খালিদ বিন ওসমানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল এবং পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কার্যালয়ের কর্মকর্তা বিজন বিহারী দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শাখার আমির মাওলানা তরিকুল ইসলাম, শিক্ষক মো. মিল্টন শেখ, ভূঁইয়া কামাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।