
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ
বাংলাদেশি-আমেরিকান টেকনোলজি কমিউনিটি (BATC)–এর বিদ্যমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন ও আগামী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কনভেনিং কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এক জরুরি সভায় সংগঠনের নিবন্ধিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খবর আইবিএননিউজ।
সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা, সাবেক সভাপতির মাধ্যমে সদস্যদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, কার্যকর গঠনতন্ত্র না থাকা এবং আইনগত নিবন্ধনের ঘাটতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সাবেক নির্বাহী কমিটির সাত সদস্যের মধ্যে ছয়জন এবং আরও ১২ জন নিবন্ধিত সদস্য জরুরি সভায় অংশ নেন। সভায় সাবেক নির্বাহী কমিটির ছয় সদস্য—সাধারণ সম্পাদক মো. শোহেল হোসাইন, সহ-সভাপতি রায়ান তাজ, সহ-সভাপতি ড. মোহাম্মদ সাফি, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেমেল রশীদ এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান—উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছয়জন নির্বাহী সদস্য ও অন্যান্য নিবন্ধিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, নতুন গঠনতন্ত্র প্রণয়নের পর একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য কনভেনিং কমিটিকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হবে। একই সিদ্ধান্তের মাধ্যমে পূর্ববর্তী নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয় এবং সাবেক সভাপতি মিজান চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে বাপসনিউজকে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন কনভেনিং কমিটির কনভেনর হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ড. আবু সালেহ এবং মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. তারিকুল ইসলাম। কনভেনিং কমিটির অপর তিন সদস্য হলেন—মো. সোহেল হোসাইন (আহমেদ সোহেল), ড. মোহাম্মদ সাফি ও মুহাম্মদ আনিসুর রহমান। ফলে মোট পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন কনভেনিং কমিটি।
BATC মনে করে, অন্তর্বর্তীকালীন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের প্ল্যাটফর্ম তার মিশন ও ভিশনকে পুনরুজ্জীবিত করবে। একই সঙ্গে সদস্যদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশি-আমেরিকান প্রযুক্তি কমিউনিটির স্বার্থকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে। কনভেনিং কমিটি BATC-এর পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন এবং সব নিবন্ধিত সদস্যের ঐকমত্যের ভিত্তিতে একটি সফল, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করবে।
সভায় আরও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র BATC-এর নিবন্ধিত সদস্যরাই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ ও ভোট প্রদানের অধিকার রাখবেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কনভেনিং কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবে এবং একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে BATC-এর নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
NGS/MMH