
নিজস্ব প্রতিবেদক
যশোরে অভিযান চালিয়ে ৫০ বোতল উইনকোরেক্সসহ আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর যশোর ক্যাম্প। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোরের কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশা থেকে ৫০ বোতল উইনকোরেক্স উদ্ধার করা হয় এবং মাদক বহনের অভিযোগে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার নারানপুর এলাকার ইবাদ আলীর ছেলে।
অভিযান সম্পর্কে স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।