
তেরখাদা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শারীরিক পরিশ্রম, সৃজনশীল কর্মকাণ্ড ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধা ও মননের উৎকর্ষ সাধন এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
সংসদ সদস্য আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শরীর গঠনের পাশাপাশি মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল অর্জন করলেই প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে ওঠে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। এসব গুণের সমন্বয়েই একজন শিক্ষার্থী আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজে অভ্যন্তরীণ ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা বিএনপি নেতা মো. এনামুল হক সজল ও মো. আনিছুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সাইফুর রহমান।
কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম রাজু ও অনির্বাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, অনীমা বিশ্বাস, সাধন কুমার সাহা ও মো. সফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মো. মিল্টন হোসেন মুন্সী; প্রভাষক এস এম শফিউল্লাহ, শেখ মো. ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস ও মোলা শরীফুল ইসলাম; শরীরচর্চা শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলু, কলেজ ছাত্রদলের সভাপতি মো. ঈশান মোল্যা এবং শিক্ষার্থী অহনা সাহা।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি এস কে আজিজুল বারী হেলাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি কলেজের ২০২৫-২৬ সালের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।