
কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি ও এক মাদকসেবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক সেবনের সময় আটক একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় সেকান্দার শেখের ছেলে নাসির শেখকে (৪০) হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অন্যদিকে, উপজেলার সেরেস্তাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা বড়িসহ গফ্ফার হাওলাদারের ছেলে হোসেইন হাওলাদারকে (৪৫) আটক করা হয়। একই সময়ে সানকিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১২টি ইয়াবা বড়িসহ মুনসুর আলী শেখের ছেলে নোমান শেখকে (২৩) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মো. জাফরুল ইসলাম জানান, অভিযানে আটক নাসির শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।