
নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বি.এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির ঢাকা শাখার উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলেজটির সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় হাসি, কোলাকুলি ও স্মৃতিচারণে মিলনায়তনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এল. কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রফিকুল ইসলাম বকুল এমপি, মোহাম্মদ আলী আসগর লবি এমপি, এস কে আজিজুল বারী হেলাল এমপি, মো. মনোয়ার হোসেন এমপি, মো. আতাউর রহমান এমপি, মো. মোক্তার আলী এমপি, শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু, বি.এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম এবং মহাসচিব রেজাউল হক মানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা শাখার আহ্বায়ক মো. আবু আবদুল্লাহ। প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা শাখার সদস্যসচিব মোল্যা এনায়েত হোসেন ইনু।
পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীরা কলেজজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।