
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন। সমিতির মোট নয়টি পদের মধ্যে সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি পদে ২৮১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন সমিতির সাবেক সভাপতি অধিবাস চন্দ্র সানা (ছাতা প্রতীক) এবং বর্তমান সহসভাপতি রনজিৎ কুমার মণ্ডল (চেয়ার প্রতীক)। সাধারণ সম্পাদক পদেও রয়েছে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা। এ পদে লড়ছেন সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ (প্রজাপতি প্রতীক) এবং তরুণ ব্যবসায়ী মো. নজরুল ইসলাম (মোমবাতি প্রতীক)।
অন্যদিকে, পাঁচটি সদস্যপদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁরা হলেন জয়ন্ত মণ্ডল (আম প্রতীক), পরিতোষ মণ্ডল (দেয়ালঘড়ি প্রতীক), প্রশান্ত রায় (হাতি প্রতীক), শ্যামল বৈরাগী (ডাব প্রতীক), নির্মল মণ্ডল (মই প্রতীক) ও সুকৃতি সরদার (মোরগ প্রতীক)।
নির্বাচনকে ঘিরে সমিতির কার্যালয় থেকে শুরু করে স্থানীয় বাজারের বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার ও প্রচারসামগ্রী দেখা যাচ্ছে। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচনসংশ্লিষ্ট কমিটি।
নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন একই কার্যালয়ের সহকারী প্রশিক্ষক এমএ বারিক হোসেন এবং সমিতির কোষাধ্যক্ষ দেবব্রত কুমার দেবু। উল্লেখ্য, সহসভাপতি পদে প্রজিৎ কুমার মণ্ডল এবং কোষাধ্যক্ষ পদে সুশান্ত কুমার সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।