1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে সরগরম বাজার, সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল জয়নগরে নির্বাচনী মাঠে সরব কাজী আনিচুর রহমান নান্নু, গণসংযোগে ব্যস্ত সময় পার গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে দুই হাজার পুলিশ; পাঁচ থানায় গ্রেপ্তার খুলনা জামায়াতে নেতৃত্বের নতুন অধ্যায়, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান সুন্দরবনে হরিণ শিকার: কয়রায় মাংস, ৮ পা, ২ মাথা ও ২ চামড়া জব্দ তেরখাদায় ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ঋণ পরিশোধের পরও বকেয়া দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কালিয়া বিআরডিবির বিরুদ্ধে জলবায়ু ন্যায্যতা ও কৃষি সুরক্ষার দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশনের মানববন্ধন ও র‍্যালি ঝিকরগাছায় চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ, গ্রেপ্তার ১

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খুলল জেলা কার্যালয়ের তালা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী জেলা শহরের আশপাশে জড়ো হন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাজনৈতিক ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।

এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের কর্মসূচি অব্যাহত রাখেন।

পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়া এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে কার্যালয়ের বন্ধ থাকা তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় কার্যালয়ের ভেতরে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। দীর্ঘদিন বন্ধ থাকা জেলা কার্যালয়ের তালা খোলার ঘটনাটি বিক্ষোভের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়েছে। একই দিন গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বেও বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীদের শহরে প্রবেশের কারণে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভ ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় শহরের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটে।

বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park