
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্ন পৌরসভা গঠন ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে খুলনার পাইকগাছা পৌরসভা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতা এবং স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততায় পরিচালিত এ উদ্যোগে যুক্ত হয়েছেন তিন নারী উদ্যোক্তা। তাঁদের প্রচেষ্টায় পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৬ সালের ২০ এপ্রিল থেকে তিন বছর মেয়াদি দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে পৌরসভা ও স্থানীয় উন্নয়ন সংস্থা নবোলোকের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাস থেকে মাঠপর্যায়ে জরিপ ও পরীক্ষামূলকভাবে বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় তিন নারী উদ্যোক্তা—বীণা, জুলি ও সীমা। তাঁরা ২০২৩ সাল থেকে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমে কাজ করে আসছেন। পৌর এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা, ড্রেন বন্ধ হয়ে যাওয়া ও জলাবদ্ধতার সমস্যা কমাতে তাঁরা বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেন। তাঁদের এ প্রচেষ্টায় স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও সংগঠিত করার সুযোগ তৈরি হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর তত্ত্বাবধান ও সহযোগিতায় উদ্যোগটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পৌরসভাকে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করায় বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পৌরসভার ৩ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ৫০৬টি পরিবারে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ২৩টি হোটেল, ১০টি ক্লিনিক, আটটি ডায়াগনস্টিক সেন্টার, ১০টি ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সেবার আওতায় এসেছে।
নির্ধারিত সেবামূল্য অনুযায়ী, প্রতিটি বাড়ি থেকে মাসিক ৬০ টাকা এবং প্রতিষ্ঠানভেদে পৃথক হারে অর্থ নিয়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহন করা হচ্ছে। এর ফলে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উৎপন্ন বর্জ্য নির্দিষ্ট ব্যবস্থাপনার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ আরও কার্যকর হবে। পাশাপাশি পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ সেবা সম্প্রসারণ করা গেলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বিস্তৃত হবে।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করতে পৌর এলাকায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও নবোলোক এ কাজে যথেষ্ট সহযোগিতা করেছে। পৌরবাসীকে আরও সচেতন করে সেবার পরিধি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”