
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন তরুণ ব্যবসায়ী, দানবীর ও তাসিন গ্রুপের চেয়ারম্যান মোল্লা সোহেল রানা। তাঁর নিজস্ব অর্থায়নে ডুটকুরা জেলেপাড়া ও ফুলতলা এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা জেলেপাড়া ও ফুলতলা এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে।
সম্প্রতি স্থানীয় বাসিন্দারা রাস্তার দুরবস্থার বিষয়টি মোল্লা সোহেল রানাকে অবহিত করে সংস্কারের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রোববার দিনব্যাপী রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এ সময় তাঁর ভাইদের উপস্থিতিতে রকিত, রিপন, লিটন, ইয়াসিন, মাহাবুরসহ স্থানীয় ব্যক্তিরা সমন্বিতভাবে সংস্কারকাজে অংশ নেন।
সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মোল্লা সোহেল রানা প্রতিশ্রুতি দেওয়ার পর তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছে।
সোহেল মোল্লা রানা নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, মোল্লা সোহেল রানা ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।