
নড়াইল প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম মোল্লার প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম মোল্লার বাড়িতে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা চেয়ারম্যান পদে তাঁর পক্ষে সমর্থন ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজীব শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মো. সেলিম মোল্লাকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীদের এমন সমর্থনকে কেন্দ্র করে পহরডাঙ্গা ইউনিয়নের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে সভায় প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা ও সমর্থন জানানো হলেও তা বিএনপির আনুষ্ঠানিক দলীয় মনোনয়ন নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলীয় প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাই ও সমর্থন আদায়ের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে পহরডাঙ্গা ইউনিয়নের নির্বাচনী পরিস্থিতিও আরও সরব হয়ে উঠছে।