1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা শিপইয়ার্ডে নির্মিত তৃতীয় ল্যান্ডিং ক্রাফট ট্যাংক লঞ্চিং ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই নৌবাহিনীর ১৮ পদক লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আজ ফিরছেন আরও ১৭২ জন টোকিওর মতো ঢাকাকে সাজাতে চান প্রধানমন্ত্রী, বাস্তবায়ন করতে হবে যেসব উদ্যোগ প্রধানমন্ত্রীর উদারতার পরিচয়: জাপান সফরে আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনওর তত্ত্বাবধানে নতুন উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সাংবাদিক শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের বাবা হলেন তিনি তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিয়ায় জমি নিয়ে বিরোধ, ৩৪ শতক জমি বিবাদীপক্ষের দীর্ঘদিনের দখলে থাকার তথ্য তদন্ত প্রতিবেদনে

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আজ ফিরছেন আরও ১৭২ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বিশেষ ফ্লাইটে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। এদিকে, লিবিয়ার মিসরাতা শহর থেকে আরও ১৭২ জন বাংলাদেশিকে মানবিক প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা ২৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৬টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (ইউজেড-২২২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে দেশে ফেরেন ১৭৪ জন বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে লিবিয়া সরকার ও আইওএমের সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা বাংলাদেশিদের বড় একটি অংশ মানবপাচারকারী চক্রের প্ররোচনায় সমুদ্রপথে ইতালি ও ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তাঁদের অনেকেই মানবপাচারকারীদের হাতে জিম্মি, অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএমের প্রতিনিধিরা তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ এলাকায় অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়, যাতে অন্যরা মানবপাচারকারীদের প্রতারণার ফাঁদে না পড়েন।

প্রত্যাবাসিত প্রত্যেক নাগরিককে আইওএমের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। যাঁদের তাৎক্ষণিক আশ্রয়ের প্রয়োজন, তাঁদের জন্য সাময়িক আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্য অনিবন্ধিত বাংলাদেশিদের শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

মানবপাচার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান

মানবপাচার প্রতিরোধে কাজ করা সংগঠন ‘পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা’র চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন, সচেতন আত্মীয়স্বজন ও থানা-পুলিশের সহায়তা ছাড়া কোনো অভিভাবকের উচিত নয় দালালচক্রের সঙ্গে গোপনে অর্থ লেনদেন করে সন্তানকে বিদেশে পাঠিয়ে তার জীবন ঝুঁকির মধ্যে ফেলা। সবাই সচেতন হলে দালালচক্রের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা কমবে।

সৈয়দ খায়রুল আলম আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য কাউকে পাঠানোর আগে বৈধ ট্রাভেল এজেন্সি, প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা, বৈধ ভিসা ও কাজের ধরন যাচাই করা জরুরি। অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ, অফিসিয়াল রসিদ সংগ্রহ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া উচিত।

বিশেষ করে লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালালচক্র যেন তরুণদের ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রলুব্ধ করতে না পারে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান সৈয়দ খায়রুল আলম।

 

মিসরাতা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার মিসরাতা শহর থেকে আরও ১৭২ জন বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের বহনকারী বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটটি ২৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি মানবপাচারকারী চক্রের প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park