
তেরখাদা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে। কোনোভাবেই মাফিয়াদের রাজত্ব কায়েম হতে দেওয়া যাবে না। মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি বা দল অনৈতিক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, সাধারণ মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি তেরখাদাকে উন্নয়ন ও উৎপাদনশীল উপজেলায় রূপান্তর করতে হবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।
তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তেরখাদাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, উন্নয়নমুখী ও উৎপাদনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আলী বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. রবিউল হোসেন, মো. ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীর, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক পুষ্পেন্দু কুমার ঘরামী, বিএনপি নেতা সমীর কুমার সাহা ও মো. আবুল হোসেন বাবু এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, পল্লী বিদ্যুতের এজিএম তৌফিক ওমর, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল উপজেলার গাউসবেড়ী সড়ক ও হাড়িখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।