
শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইল সদর উপজেলায় এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চিলগাছা-রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে আল আমিন শেখ সাব্বির এবং মূলদাইড় গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে নূরনবী মোল্যা। এ ঘটনায় তালতলা গ্রামের মোমরেজের ছেলে বিপ্লব নামে অপর এক আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তালাকপ্রাপ্ত এবং এক সন্তানের জননী। তিনি পরিবারের সঙ্গে নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় বসবাস করেন। অভিযুক্ত সাব্বির তাঁর ভাইয়ের বন্ধু হওয়ায় আগে থেকেই তাঁদের বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রে সাব্বিরের সঙ্গে ওই নারীর ফোনে যোগাযোগ হতো।
এজাহারে ওই নারী অভিযোগ করেন, গত ৪ নভেম্বর বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। সঙ্গে থাকা টাকা কম থাকায় সাব্বিরকে ফোন করে সমস্যার কথা জানান। সাব্বির তাঁকে নাকশী মাদরাসা বাজারে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যান পাঠিয়ে তাঁকে তালতলা গ্রামের বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, ওই বাড়িতে সাব্বির ও বিপ্লব ছাড়া আর কেউ ছিলেন না। রাত ৯টার দিকে সাব্বির ঘরের দরজা বন্ধ করে তাঁর মোবাইল ফোন নিয়ে নেন এবং হত্যার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ৫ নভেম্বর রাত ৮টার দিকে সাব্বির ও বিপ্লব তাঁকে ভ্যানে করে নূরনবী মোল্যার বাড়িতে নিয়ে যান। সেখানে নূরনবীও তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ৬ নভেম্বর গভীর রাতে অসুস্থবোধ করলে নূরনবী সাব্বিরকে ফোন করে বিষয়টি জানান। পরে বিপ্লব এসে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে আবারও ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন ওই নারী। একপর্যায়ে সুযোগ পেয়ে তিনি মোবাইল ফোনে তাঁর ভাইকে ঘটনাটি জানান। ৭ নভেম্বর ভোরে নূরনবী তাঁকে নড়াইল স্টেডিয়ামের পাশের একটি বাড়িতে রেখে চলে যান। পরদিন ৮ নভেম্বর রাত ১টার দিকে তাঁর ভাই লোকজন নিয়ে সেখান থেকে তাঁকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ১০ নভেম্বর নড়াইল সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেল সরোয়ার জানান, মামলা দায়েরের পর ওইদিন দুপুরে আল আমিন শেখ সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে নূরনবী মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূরনবী বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি বিপ্লবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।