
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপণ করেন হাসানুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা। পরদিন বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গালমন্দ করেন। সুপারি গাছের চারাগুলো তাঁদের জমির সীমানা ঘেঁষে রোপণ করা হয়েছে বলে আপত্তি জানান তাঁরা।
বিষয়টি জানতে পেরে হাসানুর শেখ ও তাঁর ছেলে হাসিবুল শেখ প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা ভেলা দিয়ে হাসানুর ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এতে গুরুতর আহত হন হাসানুর। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে হাসিবুলও আহত হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তাঁর ছেলেকে হতাহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।